স্বর্ণের দাম বাড়ায় ভারতে বদলাচ্ছে গহনা কেনাকাটার ধরন
স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় পুরনো স্বর্ণের বদলে নতুন গহনা কেনার দিকে ঝুঁকছেন অনেক ক্রেতা।
ভারতে বিয়ের মৌসুম সামনে রেখে স্বর্ণের গহনা কেনার প্রচলিত ধারায় আসছে পরিবর্তন। স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় পুরনো স্বর্ণের বদলে নতুন গহনা কেনার দিকে ঝুঁকছেন অনেক ক্রেতা। খবর বিজনেস টুডে।
ভারতে বিয়ের গহনা কেনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পুরনো গহনা বিক্রি বা নতুন করে স্বর্ণ কিনে অলংকার তৈরির প্রচলন ছিল। তবে এখন অনেক পরিবার নতুন করে বড় অংকের অর্থ খরচের আগে ঘরে থাকা গহনার মূল্য হিসাব করছে। বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা গহনা বদলে আধুনিক নকশার গহনা কেনার সুযোগ তৈরি হয়েছে। এতে বিয়ের গহনা কেনার ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজনও কমছে।
স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে ক্রেতাদের সচেতনতাও বেড়েছে। বাজারদর ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রেখে তারা কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে এখন শুধু কতটুকু নতুন স্বর্ণ কিনতে হবে, সেটিই গুরুত্বপূর্ণ নয়। বরং ঘরে থাকা স্বর্ণের মূল্য কত, সেটিও হিসাবের অংশ হয়ে উঠেছে।
পুরনো স্বর্ণ বদলের ক্ষেত্রে বিশুদ্ধতা, ওজন এবং কী পরিমাণ কর্তন করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। অতীতে এসব বিষয়ে স্বচ্ছতার অভাব নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছিল। এখন বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্যারেটমিটার দিয়ে বিশুদ্ধতা পরীক্ষা এবং ক্রেতার সামনে গহনা গলানোর মতো ব্যবস্থা চালু করেছে।
ভারতের গহনা প্রতিষ্ঠান তানিস্ক জানিয়েছে, এ পর্যন্ত কোম্পানিটি ৩৬ লাখের বেশি ভারতীয়র পুরনো স্বর্ণ বদল করেছে। গত এক বছরেই তাদের বিনিময় কর্মসূচির মাধ্যমে ১৪ হাজার কেজির বেশি স্বর্ণ আবার বাজারে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য বিক্রেতার কাছ থেকে কেনা নয় ক্যারেট বা তার বেশি বিশুদ্ধতার গহনাও বদল করা যায়। এক্ষেত্রে ক্রয়ের বিল বাধ্যতামূলক নয়। চলতি মাসে ১৮ ক্যারেট বা তার বেশি বিশুদ্ধতার পুরনো স্বর্ণ বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য না নেয়ার প্রস্তাব দিয়েছে তানিস্ক।
ভারতের পরিবারগুলোর কাছে আনুমানিক ২৫ হাজার টন স্বর্ণ রয়েছে। ফলে পুরনো গহনা আবার বাজারে ফিরলে নতুন স্বর্ণের চাহিদা ও আমদানির ওপরও কিছুটা প্রভাব পড়তে পারে। অব্যবহৃত স্বর্ণকে অর্থনীতির সক্রিয় প্রবাহে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এ বিনিময় ব্যবস্থা ভূমিকা রাখতে পারে।


