শিরোনাম

South east bank ad

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে প্রাক-অর্থায়ন তহবিলের নীতিমালা প্রকাশ

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে প্রাক-অর্থায়ন তহবিলের নীতিমালা প্রকাশ

দেশের রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত তহবিলটির মেয়াদ তিন বছর, যা রিভলভিং পদ্ধতিতে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তহবিলের নীতিমালা প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এ সুবিধা নিতে পারবে। এজন্য আগ্রহী ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২-এর সঙ্গে অংশগ্রহণকারী চুক্তি স্বাক্ষর করতে হবে।

এ তহবিলের আওতায় রফতানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মৎস্য ও মৎস্যজাত পণ্য এবং অন্যান্য হিমায়িত খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানিসংশ্লিষ্ট কাজে ঋণ দেয়া যাবে। কাঁচামাল ক্রয়, কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন, যন্ত্রপাতি কেনা, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালুর মতো কার্যক্রমে এ অর্থ ব্যবহার করা যাবে। এছাড়া উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং পরিবেশগত ক্ষতি প্রশমনেও অর্থায়ন করা যাবে।

গ্রাহক পর্যায়ে এ তহবিলের ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ। বিপরীতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ সুদ দেবে।

নতুন কারখানা স্থাপনে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ও এক বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ দেয়া যাবে। বিদ্যমান কারখানার সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ঋণ মিলবে। চলতি মূলধন ঋণের মেয়াদ হবে এক বছর এবং সন্তোষজনক ব্যবসায়িক লেনদেনের ভিত্তিতে একবার নবায়ন করা যাবে।

ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের অর্থায়নের অনুপাত হবে সর্বোচ্চ ৭০:৩০। বিদ্যমান কারখানার সংস্কার ও আধুনিকায়নে সর্বোচ্চ ২০ কোটি এবং নতুন কারখানা নির্মাণে সর্বোচ্চ ৩০ কোটি টাকা মেয়াদি ঋণ দেয়া যাবে। সৌরবিদ্যুৎ স্থাপনে অতিরিক্ত সর্বোচ্চ ৫ কোটি টাকা বা মূল প্রকল্প ঋণের ৩০ শতাংশ (যেটি কম) পর্যন্ত ঋণ দেয়া যাবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, চলতি মূলধনের অভাবে বন্ধ বা আংশিক বন্ধ থাকা রফতানিকারক প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তবে খেলাপি ঋণগ্রহীতা ও একই খাতে বাংলাদেশ ব্যাংক বা সরকারি তহবিলের ঋণ সুবিধা চলমান থাকা প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: