এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এনআরবিসি ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় এনআরবিসি ব্যাংক।
ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান (এফসিএমএ)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের এসএমই, মাইক্রো ও এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর (এসআইসিআইপি) অংশ।
অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘আগ্রহী ও পরিশ্রমী উদ্যোক্তাদের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায় পরিকল্পনা, উৎপাদন ও বিপণনের মতো বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি কারখানা পরিদর্শন ও সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা জানার সুযোগ পেয়েছেন।’
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ বলেন, ‘উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করছে। দক্ষতা ও অর্থায়নের অভাবে যাতে কোনো সম্ভাবনাময় উদ্যোক্তা পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই এ উদ্যোগ।’
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের জন্য ঋণসহায়তা এবং বিভিন্ন সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে।


