ইসলামী ব্যাংক ও বিপিডিবির মধ্যে চুক্তি স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে গ্রাহক সেবা-সংক্রান্ত একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিপিডিবির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় বিপিডিবির প্রি-পেইড মিটারের যাবতীয় রিচার্জ সেবা ক্রমান্বয়ে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই স্মার্ট ও এমক্যাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ড. এম কামাল উদ্দীন জসীম এবং বিপিডিবির প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তাওহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


