গ্রামীণফোন ও আনসার-ভিডিপির মধ্যে চুক্তি
দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে পাঁচ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে।
এ অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তি ও সংযোগ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচালনগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে গ্রামীণফোন।
চুক্তির আওতায় বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশব্যাপী কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারে সহায়তা দেবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল সেবা ও প্রযুক্তিগত সক্ষমতা আনসার-ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে ভূমিকা রাখবে।
সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিভিএম।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কী অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।


