শিরোনাম

South east bank ad

৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি মূলধন বৃদ্ধির লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে শেয়ার ইস্যুর বিষয়ে এ অনুমোদন দেয়া হয়। এর আগে গত ৩০ জুন মূলধন বৃদ্ধির লক্ষ্যে এ শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল রূপালী ব্যাংক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইকুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়াম হিসেবে ধরা হয়েছে। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে রূপালী ব্যাংক।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৮ টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রূপালী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ২ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: