ঢাকা ইপিজেডে দুটি ওয়েব্রিজ উদ্বোধন
বেপজা বলছে, ওয়েব্রিজের মাধ্যমে বন্ডেড সুবিধার আওতায় আমদানি-রফতানীকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
বেপজাধীন জোনগুলোয় শিল্পপ্রতিষ্ঠানের আমদানি-রফতানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনে স্থাপিত দুটি আধুনিক ওয়েব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইপিজেডের পুরনো ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত দুটি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ এবং বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম তদারকি আরো শক্তিশালী হবে।
বেপজা বলছে, ওয়েব্রিজের মাধ্যমে বন্ডেড সুবিধার আওতায় আমদানি-রফতানীকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা, আমদানীকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের তদারকি আরো কার্যকর হবে। ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যবস্থা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মহসীন হাসান এবং ঢাকা ইপিজেডের কাস্টমসের সহকারী কমিশনারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, আদমজী, কুমিল্লা ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেপজা। পর্যায়ক্রমে বেপজাধীন সব জোনে ওয়েব্রিজ স্থাপন করবে বেপজা।


