আইটিএফসির সঙ্গে বাণিজ্য অর্থায়ন নিয়ে সিটি ব্যাংকের বৈঠক
২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আসছে সিটি ব্যাংক।
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী আদিব ইউসুফ আল আমার নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। সিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের নেতৃত্বে ব্যবস্থাপনা দলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আসছে সিটি ব্যাংক। বর্তমানে প্রতিষ্ঠান দুটির মধ্যে ৪ কোটি ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে এ অর্থায়ন সুবিধা ব্যবহার করছে ব্যাংকটি।
বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসির মধ্যকার সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে রফতানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র গুরুত্ব পায়।
সিটি ব্যাংক জানায়, বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতে অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে


