শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক-মিডওয়ে সিকিউরিটিজ চুক্তি

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক-মিডওয়ে সিকিউরিটিজ চুক্তি

এ অংশীদারত্বের আওতায় ব্রোকারেজ হাউজটির গ্রাহকরা ব্যাংকের এপিআই-ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আর্থিক লেনদেন দ্রুত ও সহজ করতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্রোকারেজ হাউজটির গ্রাহকরা ব্যাংকের এপিআই-ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশেকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা ব্যবহার করবে মিডওয়ে সিকিউরিটিজ। এর ফলে গ্রাহকদের কাছ থেকে দ্রুত অর্থ সংগ্রহ সম্ভব হবে। এতে বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীরা সময়মতো শেয়ার কেনার অর্ডার দিতে পারবেন। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের নির্দেশনা পাঠানো যাবে। ফলে লেনদেন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি পরিচালনাগত দক্ষতা বাড়বে।

ব্যাংকের এএমডি মো. শাহীন ইকবাল বলেন, ‘ব্র্যাক ব্যাংকের এপিআই-ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যাংকিং সমাধান ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে ব্যাংকিং সেবাকে সরাসরি যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এ অংশীদারত্ব মিডওয়ে সিকিউরিটিজের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রসেসিংকে আরো দ্রুত ও সহজ করার পাশাপাশি দেশের পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করবে।’

অন্যদিকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য সঠিক সময়ে তহবিল স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মিডওয়ে সিকিউরিটিজের এমডি মো. আশেকুর রহমান। তিনি বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্ব তহবিল সংগ্রহ এবং পেমেন্ট প্রক্রিয়াকে আরো সহজ ও গতিশীল করবে। এতে গ্রাহকরা দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন এবং উন্নত ও নিরবচ্ছিন্ন লেনদেনের অভিজ্ঞতা পাবেন।’

ব্যাংকটি জানিয়েছে, এ সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবার পরিধি আরো বিস্তৃত হবে। ফলে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিনির্ভর অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা গ্রহণ করতে পারবে। ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে ব্যাংকিং সেবাকে সরাসরি যুক্ত করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন স্বয়ংক্রিয় করা, ম্যানুয়াল কাজের নির্ভরতা কমানো এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা দেয়াই এ উদ্যোগের লক্ষ্য বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: