সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কর্তৃক কমোডিটি ডেরিভেটিভস লেনদেন বিষয়ে দেশের প্রথম বাংলা প্রকাশনা হিসেবে ‘কমোডিটি ডেরিভেটিভস ইনসাইটস’ নামে একটি দিকনির্দেশক বই প্রকাশিত হয়েছে।
সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় সিএসই পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
একেএম হাবিবুর রহমান বলেন, ‘পাঠক এ বই থেকে একটি সুসংগঠিত কমোডিটি মার্কেটের অংশগ্রহণকারীদের সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন। একই সঙ্গে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফিউচার্স কন্ট্রাক্ট লেনদেন প্রক্রিয়ার সাবলীল বিবরণও এ প্রকাশনায় অন্তর্ভুক্ত। এ বইয়ে রয়েছে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট ও স্পট মার্কেটের সম্পর্ক ও পার্থক্য, কমোডিটি ডেরিভেটিভস কার্যক্রমে ক্লিয়ারিং করপোরেশনের ভূমিকা, কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, হেজিং সংস্কৃতি ও সামষ্টিক অর্থনীতিতে হেজিংয়ের গুরুত্ব, এ-সংক্রান্ত ট্রেডিংবিষয়ক জিজ্ঞাসিত ও জিজ্ঞাস্য প্রশ্নমালা এবং অভিধানতুল্য পরিভাষা। এছাড়া বইটিতে কমোডিটি মার্কেটের সম্ভাব্য অংশগ্রহণকারী ও অন্যান্য পাঠকের এটি সম্পর্কে জ্ঞানের ঘাটতি পূরণ করবে এবং কমোডিটি এক্সচেঞ্জের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহী করে তুলবে।’
সিএসইর কমোডিটি এক্সচেঞ্জে লেনদেনযোগ্য প্রাথমিক পর্যায়ের প্রধান কয়েকটি কমোডিটির পরিচিতি মুদ্রিত হওয়ার পাশাপাশি দেশে এ মার্কেটের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়েও গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে।


