রাইট শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ১০১৯তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। বিদ্যমান প্রতি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহ করবে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহার করা হবে। একই কমিশন সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’ নামের একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও এর সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। অন্যদিকে ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে থাকবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।


