শিরোনাম

South east bank ad

টানা তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

টানা তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা

দেশের পুঁজিবাজারে গত তিন কার্যদিবস ধরেই সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১১৫ পয়েন্ট হারিয়েছে।

সূচকের পাশাপাশি এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়ায়। এদিন নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস-৩০) ৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্ট এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পরের দিন ২৩ জুন ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়ায়। একই দিন ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়ায়। সর্বশেষ গতকাল ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক সাড়ে ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল পুঁজিবাজারে লেনদেনের শুরুর পর ২০ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল সূচক। শেয়ার বিক্রির চাপে এর পর থেকে পয়েন্ট হারাতে শুরু করে। মাঝে শেয়ার কেনার চাপ বেড়ে যাওয়ার কারণে সূচকটি কিছুটা ঘুরে দাঁড়ালেও দিনশেষে তা স্থায়ী হয়নি। শেয়ার সূচক নিম্নমুখী ছিল। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, লাফার্জহোলসিম ও বিএসআরএমের শেয়ার।

ডিএসইতে গতকাল ৭৮১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৩৯ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৪০টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১০ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৫ শতাংশ।

গতকাল পুঁজিবাজারে চারটি বাদে বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ২ শতাংশ, সিরামিক খাতে ২ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতে ১ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন সাধারণ বীমা খাতে ২ দশমিক ৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯২ পয়েন্ট কমে ৯ হাজার ৪৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৪২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত ছিল ২৮টির। গতকাল সিএসইতে ৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি টাকা।

BBS cable ad