শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারে ১ শতাংশের বেশি দরপতন

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারে ১ শতাংশের বেশি দরপতন

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে।

এদিন এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৬২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এলএইচবি ও সিটি ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৭১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৭২ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩০টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ।

গতকাল সিরামিক খাত ব্যতীত সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা ২ দশমিক ১, জীবন বীমা ১ দশমিক ৯, বস্ত্র ১ দশমিক ৭ ও কাগজ খাতে ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সিরামিক খাতের শেয়ারে এদিন দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত ছিল ২১টির। গতকাল সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৯ কোটি টাকা।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: