‘ব্যাংক ধ্বংসে এস আলম ও বাংলাদেশ ব্যাংক সমানভাবে দায়ী’
গত ৭ থেকে ৮ বছর যাবত একটি লাভজনক ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। সব জানার পরেও কিছু বলেনি ব্যাংকটির কর্মকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থা। স্যোশাল ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য একটি বিশেষ ব্যবসায়ী গ্রুপ (এস আলম) যেমন দায়ী, তেমনি সমানভাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও সমানভাবে দায়ী। কেননা অনিয়ম দেখেও ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক।
এখনো পর্যন্ত অপরাধের জন্য কোনো কর্মকর্তা বা বাংলাদেশের ব্যাংকারের বিচার হয়নি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্যোশাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব.) এর আইনজীবী মো. মাহমুদুল হাসান।
তিনি আরো জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জোরপূর্বক গোয়েন্দা সংস্থার অফিসে নিয়ে গিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং ব্যাংকের মালিকানা ছাড়তে বাধ্য করা হয়েছে। জীবনের ভয়ে তখন কেউ কিছু বলতে পারেনি।
কিন্তু ৫ আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখন তাদের আশা ছিল অতীতের লুটপাট বন্ধ করে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। কিন্তু সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের অসহযোগিতায় এসআইবিএল ঘুরে দাঁড়াতে পারেনি। ইচ্ছাকৃতভাবে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পাশ কাটিয়ে অনভিজ্ঞ লোকদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। গত দেড় বছর তারা ব্যাংকের স্বার্থ বিবেচনা করেনি।


