শিরোনাম

South east bank ad

ব্যাংক আলফালাহ অধিগ্রহণ স্কিম অনুমোদন করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংক আলফালাহ অধিগ্রহণ স্কিম অনুমোদন করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ

ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণ স্কিম অনুমোদন দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসির পর্ষদ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং বিশেষ সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। গত বৃহস্পতিবার পর্ষদ সভা শেষে এ-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ব্যাংক এশিয়া।

তথ্যানুসারে, অধিগ্রহণ স্কিমে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল পর্ষদ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সায়।

ব্যাংক এশিয়ার সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬। এর ৫০ দশমিক ৭০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৪২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার শেয়ার সর্বশেষ ২০ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৬০ পয়সা থেকে ২০ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: