শিরোনাম

South east bank ad

গ্রামীণফোনের পর্ষদ সভা আগামীকাল

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গ্রামীণফোনের পর্ষদ সভা আগামীকাল

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা, হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক ৩৮ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোনের পর্ষদ। এর মধ্যে ১৭০ শতাংশ চূড়ান্ত ও ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সায়। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়।

গ্রামীণফোনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

ডিএসইতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৫০ টাকা থেকে ৩৪৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: