পূবালী ব্যাংকের উদ্যোগে লালমাটিয়ায় ক্যাশলেস লেনদেন উদ্বুদ্ধকরণ কর্মসূচি
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরো গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে রাজধানীর লালমাটিয়ায় র্যালি, ইউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। গেস্ট অব অনার হিসেবে ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকর মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করে।
তিনি আরো বলেন, ‘ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’
সভায় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তরের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীব এবং উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. রবিউল আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মো. আলমগীরসহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


