সিএমএসএমই খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি ব্যাংক এশিয়ার
দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য অর্থায়ন সহজতর এবং জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
কেন্দ্রীয় ব্যাংকের ‘ক্লাস্টার ফাইন্যান্সিং’ ও ‘এফএসএফডিএমএসএমই’ শীর্ষক দুটি স্কিমের আওতায় উদ্যোক্তাদের জন্য এ অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও পরিচালক নওশাদ মোস্তফা উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্যাংক এশিয়ার পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুলকার নাইন ও হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাইফুদ্দৌলা।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত দেড় হাজার কোটি টাকার ফান্ডের এফএসএফডিএমএসএমই স্কিম এবং ৩ হাজার কোটি টাকার এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেয়া হবে। এ অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে সহায়তা নিশ্চিত করা হবে।


