এমএসএমই খাতে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি
এমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিটিজেনস ব্যাংক।
এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক নওশাদ মুস্তফা এবং সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সিটিজেনস ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং এবং ২ হাজার কোটি টাকার এগ্রো প্রসেসিং স্কিম বাস্তবায়নের লক্ষ্যে এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ক্লাস্টার ও এগ্রো প্রসেসিং উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা দেবে সিটিজেনস ব্যাংক। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও সিটিজেনস ব্যাংকের এসএমআর অ্যান্ড মার্কেটিং প্রধান বিজয় চন্দ্র দাস উপস্থিত ছিলেন।


