বিআইবিএমের নতুন মহাপরিচালক ড. এজাজুল ইসলাম
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসেবে ড. মো. এজাজুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তিনি এ পদে যোগ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি ।
নতুন দায়িত্বগ্রহণের আগে ড. এজাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে মুদ্রানীতি বিভাগে কর্মরত ছিলেন। এ সময় তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি ও মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ব্যাংকে তিন দশকের বেশি ধরে কর্মরত থাকা অবস্থায় এজাজুল ইসলাম মুদ্রা এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে মুদ্রানীতি ও রাজস্ব নীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
এজাজুল ইসলাম মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে নেতৃত্ব দেন। এ সময় ইন্টারেস্ট রেট করিডর চালুর পাশাপাশি তারল্য ব্যবস্থাপনা এবং মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অর্থ, ঋণ, বিনিময় হার, ব্যাংকিং, সুদের হার এবং বৃহত্তর আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে দেশী-বিদেশী রেফার্ড জার্নালে ড. এজাজুল ইসলামের প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩৫টিরও বেশি। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।


