শিরোনাম

South east bank ad

বিনিয়োগে আস্থা ফেরাতে প্রয়োজন কাঠামোগত সংস্কার

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিনিয়োগে আস্থা ফেরাতে প্রয়োজন কাঠামোগত সংস্কার

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগে আস্থা ফেরাতে এখন দরকার অর্থনৈতিক সংস্কার। নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এজন্য অর্থনীতির কাঠামোগত সংস্কার দরকার। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।

বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির এ নতুন যাত্রার প্রাক্কালে টেকসই প্রবৃদ্ধি ও বেসরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা নিশ্চিতকরণ ও ব্যাংক খাতের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো। কারণ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখার জন্য স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশই প্রধান পূর্বশর্ত।’

ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানোর লক্ষ্যে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বিল্ড বলছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাণিজ্য সহজীকরণ, শুল্ক কাঠামো যৌক্তিকীকরণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর আমলাতান্ত্রিক জটিলতা দূর করার বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বহুমূখীকরণের জন্য দেশীয় ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণকে জাতীয় অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রে রাখতে হবে।

ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য সুনির্দিষ্ট নীতিগত সহায়তার আহ্বান জানিয়ে বিল্ড বলছে, এ খাতকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে লাইসেন্সিং প্রক্রিয়া সহজতর করা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করা দরকার বলে মনে করে বিল্ড। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল ইন্টিগ্রেশন এবং সহজতর রেগুলেটরি কমপ্লায়েন্সের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনাও জরুরি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: