আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও বলেন, ‘ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও সম্পদের মান অটুট রাখতে শরিয়াহ্ নীতিমালা অনুসরণভিত্তিক দক্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা অত্যাবশ্যক।’
এ সময় তিনি কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ অর্জন, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় পারদর্শিতা বৃদ্ধি এবং সময়োপযোগী বিনিয়োগ কৌশল বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার অর্ধশত বিনিয়োগ কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরো সুসংহত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


