ইউসিবি ইসলামিকের ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রমজান উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’র পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন খন্দকার ইসরাত জাহান মুনতাহা। এছাড়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন আবদুল মোমিন ও তামজীদ খান।
ইউসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউসিবির শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইউসিবি ইসলামিকের প্রধান আবুল আলম ফেরদৌসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘কুরআন তিলাওয়াত শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটি মানুষের হৃদয়ে শান্তি, মূল্যবোধ ও নৈতিকতার বাণী ছড়িয়ে দেয়। ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কণ্ঠে কুরআনের সৌন্দর্যকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং প্রতিভাবান শিশু-কিশোরদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে চাই।’
উল্লেখ্য, এ আয়োজনে সারা দেশ থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করে নিজেদের তিলাওয়াতের ভিডিও কনটেন্ট জমা দেন। এদের মধ্য থেকে জুরি বোর্ড প্রাথমিকভাবে সেরা ১০ প্রতিযোগীকে বাছাই করে, যারা পরবর্তী সময়ে ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মেশকাত, ক্বারী নুরুদ্দিন আহমাদ ও মুফতি আবুল হাজ্জাজ জোবায়ের।


