ঈদে টফির পর্দায় সিনেমা-নাটক লাইভ টিভি ও খেলার আয়োজন
ঈদ আনন্দের বড় একটা অংশজুড়ে থাকে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে নাটক বা সিনেমা দেখা।
সময়ের বিবর্তনে সেই আমেজটা এখন চলে এসেছে ডিজিটাল পর্দায়। তাই এবারের ঈদে সেই নস্টালজিয়া আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে প্রস্তুত ‘টফি’। স্ট্রিমিং প্লাটফর্মটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ‘টফি’তে শুরু হয়েছে ‘টফি ঈদ ধামাকা’। যেখানে থাকছে প্রিয় তারকাদের নতুন ও এক্সক্লুসিভ নাটক-সিনেমা, টানটান উত্তেজনার থ্রিলার থেকে শুরু করে গ্রামবাংলার চিরচেনা প্রেমের গল্প, ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল আর খেলার মাঠের জমজমাট লড়াই।
সিনেমাপ্রেমীদের জন্য যেমন থাকছে শরীফুল রাজের অ্যাকশন মুভি ‘ওমর’ ও ‘ইনসাফ’, তেমনি থাকছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সোশ্যাল মিডিয়া ক্রাইমধর্মী থ্রিলার ‘ট্র্যাপ’। এছাড়া রয়েছে জাতীয় পুরস্কারজয়ী জয়া আহসানের ‘নকশি কাঁথার জমিন’। অন্যদিকে রয়েছে শাকিব খানের পিরিয়ড ড্রামা ‘গলুই’, আফরান নিশোর ডার্ক রোম্যান্স ও অ্যাকশন প্যাকড ‘দাগি’ এবং মেহজাবিন চৌধুরীর ‘প্রিয় মালতী’।
আন্তর্জাতিক সিনেমা ও সিরিজের ভক্তদের জন্য ‘টফি’ এবার নিয়ে এসেছে হলিউডের সিনেমা জেসন স্ট্যাথামের অ্যাকশন মুভি ‘বিকিপার’ ও টানটান উত্তেজনার হাইস্ট থ্রিলার ‘ডেন অব থিভস’। এছাড়া থাকছে কোরিয়ান ক্রাইম-থ্রিলার সিরিজ ‘ফ্লাওয়ার অব ইভিল’।
ঈদের বিকাল মানেই খায়রুল বাসার কিংবা আরশ খানদের রোম্যান্টিক সব নাটক। ‘আগলে রেখো আমায়’ কিংবা ‘ভুল নাকি প্রেম’-এর মতো কাজগুলো দর্শকদের দেবে ভরপুর বিনোদনের নিশ্চয়তা।
ফুটবল ভক্তদের জন্য এবারের ঈদে ইংলিশ প্রিমিয়ার লিগের ধ্রুপদি লড়াইয়ের পাশাপাশি থাকছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের উত্তেজনা। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টদের লড়াই সরাসরি উপভোগ করা যাবে ‘টফি’তে। এছাড়া ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ।
ঈদে ‘টফি’র বিশেষ আয়োজন নিয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, ‘আমরা চেয়েছি এবারের ঈদ বিনোদন যেন কেবল নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সিনেমা-নাটক থেকে শুরু করে আন্তর্জাতিক কনটেন্ট ও খেলাধুলা, সবকিছুকে আমরা এক ছাতার নিচে নিয়ে এসেছি; যেন বাংলাদেশের মানুষ পরিবারসহ উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারে।’


