এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট
এনসিসি ব্যাংক পিএলসি সম্প্রতি ‘গো ডিজিটাল, গো গ্রিন’—এ প্রতিপাদ্যে রিটেইল ব্যাংকিং পোর্টফোলিওর আওতায় ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব চালু করেছে।
টেকসই ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত এবং গ্রাহকদের আধুনিক ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এনসিসি নিওএক্স অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা শতভাগ অনলাইনে হিসাব খুলতে, ই-কেওয়াইসি সম্পন্ন করতে এবং রিসাইকেলযোগ্য ডেবিট কার্ডের সুবিধা পাবেন। এ হিসাবে জমানো অর্থ নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষিসহ বিভিন্ন সবুজ উদ্যোগে বিনিয়োগ করা হবে।
এনসিসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এ সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম; পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী; পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী; পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন; পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার; পরিচালক মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু; স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং ইউনিট হেড এসএম তানভীর হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম জানান, পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নেয়া ও টেকসই উন্নয়নের বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে এনসিসি ব্যাংক বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এনসিসি নিওএক্স সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের সবুজ অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ এনে দিয়েছে। এতে তারা যেমন আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পাবেন, তেমনি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারবেন।’
এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের মতে, এ হিসাব চালুর মধ্য দিয়ে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকটির অঙ্গীকার আরো জোরালো হলো, যা একটি সবুজ ও ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট আমাদের ডিজিটাল রূপান্তর ও টেকসই ব্যাংকিং প্রতিশ্রুতিরই প্রতিফলন।’ তিনি উল্লেখ করেন, এ সেবা গ্রাহকদের একদিকে যেমন আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের অভিজ্ঞতা দেবে, অন্যদিকে পরিবেশবান্ধব উদ্যোগে অবদান রাখার মাধ্যমে তাদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত কল্যাণে অংশীদার করবে।
এনসিসি ব্যাংক বলছে, ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’-এর গ্রাহকরা সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা, প্রতিযোগিতামূলক সুদের হার, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং ও এসএমএস অ্যালার্ট পাবেন। পাশাপাশি গ্রিন ব্যাংকিং সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। এ হিসাবের মাধ্যমে গ্রাহকরা কেবল আধুনিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবাই উপভোগ করবেন না, বরং পরিবেশবান্ধব উদ্যোগেও সরাসরি অবদান রাখতে পারবেন।


