ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে মাসব্যাপী ‘ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা আকর্ষণীয় মুনাফায় সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে যেকোনো পরিমাণের মেয়াদি সঞ্চয় করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘ক্ষুদ্র আমানতকারীদের অন্তর্ভুক্তির মাধ্যমে ফান্ড ফ্লো বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।’ এ সময় তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব কর্মকর্তাকে আরো আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিতের নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে মোহাম্মদ জাওয়াদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকরা।


