ইসলামী ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে এর পরিবর্তে সভাটি ২৮ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৪ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ২১ পয়সায়।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ৫৩১ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭৫ দশমিক শূন্য ৯, বিদেশী বিনিয়োগকারী ১৭ দশমিক ৯১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ইসলামী ব্যাংকের শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩২ টাকা ৬০ থেকে ৫৬ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।


