ঢাকা ব্যাংকের গুলশান এভিনিউ শাখার উদ্বোধন
ঢাকা ব্যাংক পিএলসি তার ১১৮তম শাখা হিসেবে ‘গুলশান এভিনিউ শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন এভিনিউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান-পরিচালক ও বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আহসান, আমির উল্লাহ ও অধ্যাপক বিলকিস আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ। তিনি জানান, এ উদ্যোগ ব্যাংকের উন্নয়নের বিবর্তনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ‘পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি’—এ তিনটি মূল ভিত্তিকে কেন্দ্র করে পরিবর্তনের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টেকনো গ্রুপের এমডি সায়েদ মনজুরুল হক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরী; স্টার্লিং গ্রুপের এমডি ফজলুল হক; অ্যালায়েন্স হোল্ডিংসের চেয়ারম্যান সৈয়দ আলী জওহর রিজভী; খাদিম সিরামিকসের ভাইস চেয়ারম্যান ও এমডি সাকিফ আরিফ তাবানী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।


