ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ ব্র্যাক ব্যাংকের
দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনায় নতুন রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
সম্প্রতি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে। এ পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক, যেখানে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিও অংশ নিয়েছিল।
পাঁচ বছর মেয়াদি এ তহবিল ডিজাইন করা হয়েছে শেয়ার ইস্যুকারী ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। এ অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়নমূলক কাজ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে শিল্প গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং দেশের শিল্পের চাকা সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা ও উদ্ভাবনী অর্থায়ন সমাধান খুবই জরুরি।’ এ সময় আরো বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেমসহ অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


