টোয়াব অ্যাওয়ার্ডে সেরা ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো টোয়াব আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পেয়েছে।
রোববার আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন।
ভালো যাত্রীসেবা, সময়মতো ফ্লাইট পরিচালনা এবং দেশের অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ বাড়ানোর অবদানের জন্য এ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০২২ সালেও একই ধরনের পুরস্কার অর্জন করেছিল ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। সংস্থাটি দেশের অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
খুব শিগগিরই বহরে আরও ৩টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা। এছাড়া ভবিষ্যতে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত সিটি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।


