অর্থমন্ত্রীর সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একটি প্রতিনিধি দল গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী ও এসএম জহির উদ্দিন হায়দার, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান, সাবেক প্রেসিডেন্ট আরিফ খান ও মাহতাব উদ্দিন আহমেদ এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা আইসিএমএবির চলমান কার্যক্রম, পেশাগত উন্নয়ন উদ্যোগ এবং দেশের শিল্পায়ন, ব্যয় ব্যবস্থাপনা ও আর্থিক সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অব্যাহত অবদান সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। আলোচনায় শিল্পপ্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) কৌশলগত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধি দল সিএমএ পেশার বিকাশ ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে এবং শিল্প ও বাণিজ্য খাতে স্বচ্ছতা, আর্থিক বিবরণীর প্রত্যয়ন, ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পেশাদার সিএমএদের সম্পৃক্ততা আরো সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করে।
অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং পেশাটির আরো বিকাশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।


