শিরোনাম

South east bank ad

এশিয়ার স্বর্ণের বাজারে দামের অস্থিরতায় চাহিদা নিম্নমুখী

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এশিয়ার স্বর্ণের বাজারে দামের অস্থিরতায় চাহিদা নিম্নমুখী

দামের ব্যাপক উত্থান-পতন এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে ভারত ও চীনসহ এশিয়ার প্রধান বাজারগুলোতে স্বর্ণের চাহিদা ও বেচাকেনা ব্যাপক হারে কমেছে।

খুচরা ক্রেতা ও বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কেনা থেকে বিরত থাকায় বিক্রেতারা বিভিন্ন ছাড় দিতে বাধ্য হচ্ছেন। খবর রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারতে গতকাল প্রতি ১০ গ্রাম স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৪০০ রুপিতে (বাংলাদেশী মুদ্রায় ২ লাখ ৪ হাজার ১৯০ টাকা) বিক্রি হয়েছে। চড়া দাম ও বিয়ের মৌসুম শেষ হয়ে আসায় দেশটির গহনার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় একেবারে কমে গেছে। সাধারণত ভারতে বিয়ের অনুষ্ঠানে কনের গহনা ও উপহার হিসেবে স্বর্ণের বড় ধরনের চাহিদা থাকে। বাজার বিশ্লেষকদের মতে, চাহিদা কমে যাওয়ায় লোকসান কাটাতে বিক্রেতারা প্রতি আউন্সে ৮৭ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছেন। এর আগে গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল ১০৬ ডলার। সম্প্রতি ভারতের বাজারে স্বর্ণ আমদানির শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় স্থানীয় বাজারে চাপ আরো বেড়েছে। শুল্ক বাড়ার কারণে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেয়ায় গত মে মাসে দেশটির স্বর্ণের গোল্ড ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) তহবিল থেকে এক বছরের মধ্যে প্রথমবার বড় ধরনের অর্থ তুলে নেয়া হয়েছে।

এদিকে বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ চীনেও কমেছে মূল্যবান এ ধাতুর বেচাকেনা। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে প্রতি আউন্সে প্রিমিয়াম বা সংযোজিত মূল্য কমে ৭-১০ ডলারে নেমেছে, যা গত সপ্তাহে ছিল ৯-১২ ডলার। সুদের হার বৃদ্ধি এবং বন্ডের মুনাফা বাড়ায় চীনা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ কম কেনার প্রবণতা তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীদের আশা, বৈশ্বিক রাজনৈতিক সংকট দূর হলে মূল্যস্ফীতি কমবে এবং বাজার আবারো স্থিতিশীল হবে।

এশিয়ার অন্য অঞ্চলের বাজারগুলোর মধ্যে হংকংয়ে স্বর্ণ ২ ডলার প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। সিঙ্গাপুরে প্রতি আউন্সে দশমিক ৫০ ডলার ছাড় থেকে শুরু করে ৩ ডলার প্রিমিয়ামে কেনাবেচা চলছে। অন্যদিকে জাপানে আউন্সপ্রতি দশমিক ২৫ ডলার ছাড়ে স্বর্ণ বিক্রি হচ্ছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: