ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহার সময়োপযোগী সিদ্ধান্ত: ডিবিএ
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
এ সিদ্ধান্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশন সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (০৯ জুন) ডিবিএর পক্ষ থেকে পাঠানো লিখিত বার্তায় এ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্তায় ডিবিএ উল্লেখ করে, গত ০৪ মে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূরীকরণ এবং স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসির কাছে একটি আবেদনপত্র দেওয়া হয়।
ডিবিএর আবেদন ও বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএসইসির নবনিযুক্ত কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং তার নেতৃত্বাধীন কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিবিএ মনে করে, এ সময়োপযোগী সিদ্ধান্ত বাজারে দীর্ঘদিনের স্থবিরতা নিরসন, স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে সহায়ক হবে।
ডিবিএ আশা প্রকাশ করে, মাসুদ খানের নেতৃত্বে নতুন কমিশন বাজারের স্বার্থে দীর্ঘদিন ধরে বিদ্যমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিধি-বিধান এবং প্রতিবন্ধকতাগুলোর প্রয়োজনীয় সংস্কার করবে এবং একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থানির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত চেয়ারম্যানসহ কমিশনের সব সদস্যকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে অতীতের মতো ভবিষ্যতেও কমিশনের সঙ্গে একযোগে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


