বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারদর কমেছে ৯ শতাংশের বেশি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর কমেছে যথাক্রমে ৯ দশমিক ৯৯ ও ৯ দশমিক ৮৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বেক্সিমকোর শেয়ারের সর্বশেষ দর ছিল ৮৯ টাকা ২০ পয়সা, যা আগের দিন ছিল ৯৯ টাকা ১০ পয়সা। অন্যদিকে গতকাল ইসলামী ব্যাংকের শেয়ারের সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৫০ পয়সা, যা আগের দিন ছিল ২৯ টাকা ৪০ পয়সা। এতে ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে কোম্পানি দুটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বেক্সিমকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৭ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯২ টাকা ৫৮ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকোর ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৪ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫২ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সায়।


