টানা চতুর্থবার ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ইবিএল
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) টানা চতুর্থবারের মতো ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্র্যাব) সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।
একই সঙ্গে ব্যাংকটিকে স্বল্পমেয়াদি এসটি-১ রেটিং এবং স্থিতিশীল আউটলুক দেয়া হয়েছে।
ইবিএল সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ স্বীকৃতি ব্যাংকের ধারাবাহিক আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, শক্তিশালী সম্পদমান এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। এর মাধ্যমে সুশাসন, উদ্ভাবন এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্য অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ইবিএলের দৃঢ় অবস্থান আরো সুসংহত হয়েছে।
এছাড়া এ রেটিং ব্যাংকটির শক্তিশালী মূলধন ভিত্তি, পর্যাপ্ত তারল্য, সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা এবং ধারাবাহিক কার্যক্রমগত সাফল্যের স্বীকৃতি বহন করে। একই সঙ্গে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতেও উচ্চমানের করপোরেট সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতাও প্রমাণ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সর্বোচ্চ ক্রেডিট রেটিংয়ের ধারাবাহিক অর্জন ইবিএলের আর্থিক শৃঙ্খলা, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনের প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। ফলে বিনিয়োগকারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্য অংশীজনদের আস্থা আরো সুদৃঢ় হবে।


