বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে পর্ষদ সভা করার সম্মতি বিএসইসির
২০২৫ সালের ১ জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তবে বিএসইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কোম্পানিটি। বিষয়টি বিচারাধীন থাকার কারণে এর পর থেকে আর কোনো পর্ষদ সভা করেনি কোম্পানিটি। আর পর্ষদ সভা না করার কারণে হালনাগাদ নিরীক্ষিত ও আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের বিষয়টিও আটকে যায়। এতে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুত হওয়ার শঙ্কা তৈরি হয়। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিটিকে পর্ষদ সভার মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশে সম্মতি দিয়েছে বিএসইসি।
বিএসইসির কাছ থেকে সম্মতি পাওয়ার পর গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আজ বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১৯৮৬ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) কোম্পানিটি তালিকাভুক্ত। লন্ডন স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের কাছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২২ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে। আর বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে রয়েছে ৭৭ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।
লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম মার্কেটের নিয়মানুসারে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু স্বতন্ত্র পরিচালক নিয়োগকে কেন্দ্র করে বিএসইসির সঙ্গে আইনি লড়াইয়ে জড়ানোর পর থেকে বিচারাধীন বিষয় বিবেচনায় কোম্পানিটি পর্ষদ সভা আয়োজনের মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা থেকে বিরত থাকে। এতে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার কারণে এ বছরের ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ১৫ জানুয়ারি বিএসইসির পক্ষ থেকে আদেশ জারির ১২ দিনের মধ্যে প্রস্তাবিত নয়জন স্বতন্ত্র পরিচালককে যুক্ত করে পর্ষদ সভা করার নির্দেশ দেয়া হয়েছিল। বিএসইসির এ আদেশও চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ফলে উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকার কারণে কোম্পানিটির পর্ষদ সভা আয়োজন ও আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়টি আরো বিলম্বিত হয়।
লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম মার্কেটে বিধান অনুসারে, টানা ছয় মাস কোনো সিকিউরিটিজের লেনদেন স্থগিত থাকলে সেক্ষেত্রে তালিকাচ্যুত করার নিয়ম রয়েছে। এতে আগামী ২ জুলাইয়ের পর থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির শঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে লন্ডন স্টক এক্সচেঞ্জের কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা দ্রুত আয়োজনের মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশে ব্যবস্থা নিতে বিএসইসির কাছে সম্প্রতি চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটিকে পর্ষদ সভা করে আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের জন্য সম্মতি দিয়েছে।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বণিক বার্তাকে বলেন, ‘বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের হালনাগাদ আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার ফলে বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে জানতে পারছেন না। পাশাপাশি বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণার বিষয়টিও আটকে আছে। আর্থিক প্রতিবেদন প্রকাশ না করলে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানিটির তালিকাচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সেখানকার বিনিয়োগকারীরা বিএসইসির কাছে চিঠি দিয়েছেন। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশনের পক্ষ থেকে কোম্পানিটিকে পর্ষদ সভা করে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের সম্মতি দেয়া হয়েছে।
দেশের ওষুধ খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। সে সময় তারা জার্মানির বায়াহ ও যুক্তরাষ্ট্রের আপজন কোম্পানির কাছ থেকে ওষুধ আমদানি করে দেশের বাজারে বিক্রি করত। পরে ১৯৮০ সালে বাংলাদেশেই লাইসেন্সিং চুক্তির আওতায় ওষুধ উৎপাদন শুরু করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বর্তমানে কোম্পানিটির পোর্টফোলিওতে তিন শতাধিক পণ্য রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওষুধ রফতানি করছে কোম্পানিটি।


