তিন সংসদ সদস্যকে আইসিএবির সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তিন প্রার্থীকে সংবর্ধনা দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
গতকাল রাজধানীর সিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এবং চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার সঙ্গে তাদের সম্পৃক্ততা, নির্বাচনী সাফল্য, জনসেবায় অঙ্গীকার এবং জাতীয় উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিএবি জানায়, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রাতিষ্ঠানিক সুশাসন আরো শক্তিশালী করা এবং বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য নাসের রহমান বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাজস্ব আহরণ এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সিএ ফার্মগুলোর বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাগত শিক্ষার মানোন্নয়ন এবং সিএ পরীক্ষায় উত্তীর্ণের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা আরো শক্তিশালী করার ওপর জোর দেন।
সংসদ সদস্য মো. ফজলে হুদা দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘করপোরেট সুশাসন ও সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং আর্থিক কার্যক্রমের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।‘
ব্যক্তিগত ব্যস্ততার কারণে চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে আইসিএবির সভাপতি এন কে এ মবিন এফসিএ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকারগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি পেশাগত মান উন্নয়ন, সেবা সম্প্রসারণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নিশ্চিতের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশা তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আইসিএবির বিভিন্ন চলমান উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল এফসিএ। এ সময় আইসিএবির ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল সদস্য, সাবেক প্রেসিডেন্টসহ অ্যাকাউন্ট্যান্সি খাতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


