ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
ঢাকা ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও আলোচনা করেন। পাশাপাশি ব্যাংকের আর্থিক কার্যক্রম, সুশাসন চর্চা ও সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে মতামত ও পর্যবেক্ষণ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এটিএম হায়াতুজ্জামান খান; পরিচালক রেশাদুর রহমান, আফরোজা আব্বাস, রোকসানা জামান, মনোয়ারা খন্দকার, আসিফ হানিফ, মো. আমির উল্লাহ, আমান উল্লাহ সরকার, তাহিদুল হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, জসিম উদ্দিন, মনোয়ারা খন্দকার, খন্দকার জামিল উদ্দিন (স্পন্সর) ও আলতাফ হোসেন সরকার; স্বতন্ত্র পরিচালক বিলকিস আরা বেগম ও ফিরোজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ওসমান এরশাদ ফয়েজ উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানি সচিব মো. শাহজাহান মিয়া; এসইভিপি ও প্রধান অর্থিক কর্মকর্তা (সিএফও) সাহাবুব আলম খানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এজিএমে অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উৎকর্ষ সাধনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি ব্যাংকে পরিণত হওয়া, যাকে বাংলাদেশের মানুষ গর্বের সঙ্গে নিজেদের ব্যাংক বলে মনে করবে—যে ব্যাংক পরিচালনাগত সুশাসন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলিতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ। এটি আজ আমরা কোথায় আছি তার বিবৃতি নয়; বরং আমরা কোথায় পৌঁছাতে চাই, তারই দৃঢ় অঙ্গীকার।’


