শিরোনাম

South east bank ad

এনআরবি ব্যাংকের শীর্ষ পর্যায়ে দুই কর্মকর্তার যোগদান-পদোন্নতি

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবি ব্যাংকের শীর্ষ পর্যায়ে দুই কর্মকর্তার যোগদান-পদোন্নতি

C

এনআরবি ব্যাংক পিএলসির শীর্ষ পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

ব্যাংকটির নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। অন্যদিকে এএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন আনোয়ার উদ্দিন। এনআরবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, দেশের ব্যাংক খাতে ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে কিমিয়া সাদাতের। কর্মজীবনে তিনি করপোরেট ও এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।

এনআরবি ব্যাংকে যোগদানের আগে কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি মেঘনা ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কর্মজীবনে কিমিয়া সাদাত এইচএসবিসি বাংলাদেশ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পাশাপাশি কানাডার একজন সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট (সিএফসি)।

অন্যদিকে, এএমডি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আনোয়ার উদ্দিনের রয়েছে প্রায় চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতা। তিনি ১৯৮৭ সালে এনসিসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

আনোয়ার উদ্দিন ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে যোগ দেন, পরে ডিএমডি হিসেবে পদোন্নতি পান। এখানে তিনি করপোরেট ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রেডিট, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, এএমএল ও সিএফটি, মানবসম্পদ এবং প্রশিক্ষণ ও উন্নয়নে নেতৃত্ব দেন।

পরবর্তী সময়ে আনোয়ার উদ্দিন এনআরবি ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দেন। তার নেতৃত্ব, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ পরিচালনা পর্ষদ তাকে এএমডি হিসেবে পদোন্নতি দিয়েছে।

ব্যাংকটির প্রত্যাশা, কিমিয়া সাদাতের কৌশলগত নেতৃত্ব এবং আনোয়ার উদ্দিনের দীর্ঘ অভিজ্ঞতা এনআরবি ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ, সুশাসন ও টেকসই প্রবৃদ্ধিকে আরো শক্তিশালী করবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: