শিরোনাম

South east bank ad

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিল উত্তরা ইউনিভার্সিটি

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিল উত্তরা ইউনিভার্সিটি

 

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি।

এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘স্মরণে জুলাই ২৪’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরা ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেয়া আহত শিক্ষার্থীদের ত্যাগ ও বীরত্বের স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘লেখা আছে অশ্রুজলে’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে মনোনীতদের হাতে স্মারক ক্রেস্ট, উপহার ও গ্রন্থটির কপি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল র‍্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। স্বাগত বক্তব্য দেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. শাহ আহমেদ। পরে আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রেকর্ডকৃত ভিডিও বার্তায় জানান, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেমন জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি ভবিষ্যতেও গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা জানান, শিক্ষার প্রকৃত আলো মানুষকে সত্য প্রকাশের শক্তি দেয়। ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের প্রতিবাদ এবং দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এএসএম শাহাবুদ্দিন স্মারক তালিকা প্রণয়নের পদ্ধতি ও রূপরেখা তুলে ধরেন।

এ আয়োজনের শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার অব এক্সামিনেশন, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: