ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে দ্বিগুণ হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত শেয়ার মূলধন বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির অনুমোদিত শেয়ার মূলধন ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। আগে ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত মোট অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। মূলধন বৃদ্ধির পর এখন ব্যাংকটির ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকায়।
অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে। এছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংক এশিয়া পিএলসির সংঘস্মারকের (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) ধারা-৫ ও সংঘবিধির (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে এবং সেগুলো আরজেএসসি কর্তৃক অনুমোদন ও প্রত্যয়ন করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সায়।


