শিরোনাম

South east bank ad

বিএসইসির কর্মকর্তাদের জন্য ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিএসইসির কর্মকর্তাদের জন্য ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন্স’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা ১০-১২ আগস্ট অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিএসইসির সহকারী পরিচালক, ব্যক্তিগত কর্মকর্তা ও সমমান পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আহসান হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিএসইসির এ উদ্যোগ পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক ও ফলপ্রসূ পদক্ষেপ। এ প্রশিক্ষণের মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক কর্ম অভিজ্ঞতা বিনিময় আরো সহজতর হবে।’

বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধি জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং ও সেটলমেন্ট, বিনিয়োগকারী সুরক্ষা, সার্ভেইল্যান্স ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেছেন।’

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের পুঁজিবাজারের কার্যক্রম, বাজার কাঠামো, ট্রেডিং, সার্ভেইল্যান্স, লিস্টিং, করপোরেট গভর্ন্যান্স, মনিটরিং, মার্কেট অপারেশন্স, টিআরইসি অ্যাফেয়ার্স, আইসিটি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মৌলিক ও ব্যবহারিক ধারণা দেয়া হয়।

সমাপনী দিনে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, ‘বিএসইসির এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যক্রম ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে বোঝাপড়ার সুযোগ তৈরি হয়েছে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: