ইউএন গ্লোবাল কমপ্যাক্ট ফোরামে উর্মি গ্রুপের টেকসই যাত্রা
ইউএন গ্লোবাল কমপ্যাক্ট এপ্যাক ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করল উর্মি গ্রুপ
কলম্বোর আঞ্চলিক নেতৃত্ব সম্মেলনে বাংলাদেশের টেকসই উৎপাদন ও সাপ্লাই চেইন রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন
টেকসই উৎপাদন, জলবায়ু উদ্যোগ এবং দায়িত্বশীল সাপ্লাই চেইন গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা এবার উঠে এলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক মঞ্চে। শ্রীলঙ্কার কলম্বোতে ১১–১২ আগস্ট অনুষ্ঠিত UN Global Compact-এর Forward Faster Now | APAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন।
এশিয়া-প্যাসিফিকের বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, জাতিসংঘ প্রতিনিধি ও সাসটেইনেবিলিটি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যবসার ভবিষ্যৎ, জলবায়ু দায়িত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
ফোরামের দুটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব পর্যায়ের আলোচনায় অংশ নেন শামারুখ ফখরুদ্দিন। “Business Unusual: CEO Leadership in a Changing World Order” শীর্ষক সেশনে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় ব্যবসায়িক নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়। শ্রীলংকা, সিঙ্গাপুর, ইন্দনেশিয়া, মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই প্যানেলে অংশগ্রহন করেন।
আরেকটি সেশন “Empowering SMEs & Supply Chains: From Engagement to Transformation”-এ তিনি উর্মি গ্রুপের SBTi-validated decarbonization journey এবং এই পরিবর্তনের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি সরবরাহকারীদের যুক্ত করার অভিজ্ঞতা তুলে ধরেন।
শামারুখ ফখরুদ্দিন বলেন, “টেকসই উন্নয়নের যাত্রা কোনো একটি প্রতিষ্ঠান একা এগিয়ে নিতে পারে না। ব্যবসা, সাপ্লাই চেইন ও কমিউনিটির মধ্যে সহযোগিতাই দীর্ঘমেয়াদি পরিবর্তনের মূল ভিত্তি। আমাদের দায়িত্ব হলো শিখতে থাকা, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া।”
বাংলাদেশের মতো বড় উৎপাদন ও পোশাক রপ্তানিকারক দেশের জন্য টেকসইতার প্রশ্ন এখন আর শুধু কারখানার ভেতরের কার্যক্রমে সীমাবদ্ধ নয়। বরং পুরো সাপ্লাই চেইনকে আরও দায়িত্বশীল ও সক্ষম করে তোলাই হয়ে উঠছে ভবিষ্যৎ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।
আন্তর্জাতিক এই মঞ্চে উর্মি গ্রুপের অংশগ্রহণের পেছনে প্রতিষ্ঠানটির সাসটেইনেবিলিটি, সাপ্লাই চেইন, এইচআর, কমপ্লায়েন্স ও প্রোডাকশন টিমের সম্মিলিত অবদান রয়েছে। পুরো যাত্রায় কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ।
Forward Faster Now | APAC 2026-এ অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল উৎপাদন, জলবায়ু কার্যক্রম ও আরও সহনশীল সাপ্লাই চেইন গড়ে তোলার অঙ্গীকার আরও জোরালো করল উর্মি গ্রুপ।


