শিরোনাম

South east bank ad

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, জনবল নিয়োগ এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধার অনুমোদন দ্রুত সম্পন্ন করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনও উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
এ বিষয়ে গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সঞ্জীবন প্রকল্পের মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস প্রদান করেন, যা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ ছাড়াও, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সফল বাস্তবায়ন ও ব্যাংকের সার্বিক আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিএসসি-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সিবিএস বাস্তবায়ন ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরো গতিশীল হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: