রাজশাহীতে বাংলা কিউআর কর্মশালা, লিড ব্যাংক ব্র্যাক
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের ট্রেনিং সেন্টারে গতকাল এ কর্মশালা অনুষ্ঠিত। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, আইএফসির প্রতিনিধি ও স্থানীয় মার্চেন্টরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এএনএম মইনুল কবির।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির ও মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার এবং ব্র্যাক ব্যাংকের মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগের প্রধান খায়রুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জানান, ক্যাশলেস অর্থনীতির প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও অ্যাপের মাধ্যমে লেনদেনের সুযোগ থাকায় এ ব্যবস্থা গ্রাহক ও ব্যবসায়ী উভয়ের জন্য লেনদেনকে সহজ ও নির্বিঘ্ন করবে।
এ সময় কাগজের টাকার ওপর নির্ভরতা কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে দ্রুত বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানানো হয়। কর্মশালায় স্থানীয় উদ্যোক্তাদের বাংলা কিউআরভিত্তিক ক্যাশলেস লেনদেন বিষয়ে হাতে-কলমে ধারণা দেয়া হয়।


