আবারো আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রূপালী চৌধুরী ও এ কে আজাদ
ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
বোর্ড সর্বসম্মতিক্রমে দুইজন ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছে। তারা হলেন-ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের ১৯ সদস্যের নির্বাহী বোর্ডে আরো রয়েছেন- এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক; ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলস পিএলসির চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-এর প্রধান কার্যালয় প্যারিসে। বিশ্বের ১৭০ টিরও বেশি দেশে আইসিসির কার্যক্রম রয়েছে। আইসিসি বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটিরও বেশি কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব করে। বিশ্বে প্রতি তিনজন কর্মজীবীর মধ্যে একজনের জীবিকা কোনো না কোনোভাবে আইসিসির সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
আইসিসি বিশ্বের একমাত্র বেসরকারি ও অ-সার্বভৌম সংস্থা, যা জাতিসংঘ সাধারণ পরিষদে (টঘ এবহবৎধষ অংংবসনষু) স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে।


