শিরোনাম

South east bank ad

ফার্মা ফেস্ট ও আইসিপিএস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাশমব

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ফার্মা ফেস্ট ও আইসিপিএস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাশমব

আয়োজক সূত্রে জানা গেছে, ৮ থেকে ১২ অক্টোবর এনএসইউতে অনুষ্ঠিত হবে ফার্মা ফেস্ট ও আইসিপিএস ২০২৬।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অন্যতম প্রতীক্ষিত আয়োজন ফার্মা ফেস্ট ও আইসিপিএস ২০২৬-এর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে বর্ণাঢ্য ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুর ও নৃত্যের ছন্দে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তির গৌরবোজ্জ্বল মাইলফলক এবং ফার্মা ফেস্ট ও আইসিপিএস ২০২৬-এর আয়োজন সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করতেই এ প্রাক-উৎসব ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, ৮ থেকে ১২ অক্টোবর এনএসইউতে অনুষ্ঠিত হবে ফার্মা ফেস্ট ও আইসিপিএস ২০২৬। এবারের আয়োজনে থাকছে একাডেমিক, সাংস্কৃতিক ও বিভিন্ন মনোজ্ঞ কার্যক্রম। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ২০২৬’। আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের ১১টি দেশ থেকে ৩৩ বিশিষ্ট বক্তা অংশ নেবেন।

ফ্ল্যাশমবের মাধ্যমে মূল উৎসবের একটি প্রতীকী সূচনা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ছন্দময় পরিবেশনায় ফুটে ওঠে আগামী দিনের মূল উৎসবের আবহ। আয়োজনটি শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা, দলীয় মেলবন্ধন ও ফার্মেসি পরিবারের প্রাণবন্ত চেতনা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থীদের জন্য থাকবে নানা ধরনের একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম। পাশাপাশি থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, অংশগ্রহণকারী এবং ফার্মেসি অনুরাগীদের মধ্যে জ্ঞানচর্চা, সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হবে।

এবারের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। এর মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিক্ষা ও গবেষণার সঙ্গে বৈশ্বিক জ্ঞানভাণ্ডারের সংযোগ আরো জোরদার হবে বলেও মনে করছেন তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: