চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে বিজিএমইএ
চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সহসভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বন্যাদুর্গতদের সহায়তার অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের কাছে ২০০ বস্তা করে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। বন্যাকবলিত মানুষের কাছে দ্রুত ত্রাণসহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর পক্ষে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন ভারপ্রাপ্ত সহসভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব, পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানরা। এ সময় সিএমপি, চট্টগ্রাম জেলা পুলিশ ও বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কর্মকর্তারা বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।


