শিরোনাম

South east bank ad

গুলশানে প্রধান কার্যালয়ের জন্য ১ বিঘা জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

গুলশানে প্রধান কার্যালয়ের জন্য ১ বিঘা জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের জন্য রাজধানীর গুলশানে এক বিঘা (২০ কাঠা) জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গুলশান এভিনিউয়ের ১১৩ নম্বর সড়কের ১১০ নম্বর বাড়ির ঠিকানায় অবস্থিত জমি কিনবে এমটিবি। জমি কিনতে নিবন্ধন ফি ও ভ্যাট ছাড়া আনুমানিক খরচ ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। এর আগে ঢাকার বেরাইদে ব্যাংকটির তিন বিঘা (৬০ কাঠা) জমি কেনার প্রস্তাব অনুমোদন করেনি বিএসইসি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৯১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে এমটিবির ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৪ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এমটিবির ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি, পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ ২০ হাজার ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৯ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭২০। এর ৩৩ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৬২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad