শিরোনাম

South east bank ad

বাজারে প্রচলিত ৩৬ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ফার্মাসিউটিক্যাল

বাজারে প্রচলিত ৩৬ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে

বৈশ্বিক পরিবর্তনের কারণে মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে এবং তা মহামারী আকার ধারণ করছে।

পাশাপাশি মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক তাদের কার্যকারিতা হারিয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারের পিএইচএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান শিকদার। তিনি বলেন, ‘২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ হয়েছে। এ কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং তা মহামারী আকার ধারণ করছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে পরিবেশগত পরিবর্তন যেমন বনভূমি কমে যাওয়ায় পশুপাখির রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এছাড়া মানুষের খাদ্যাভ্যাস অর্থাৎ ফাস্টফুড ও জাংকফুডের প্রতি আসক্তি—এসব রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। কাজেই মানব স্বাস্থ্য, পশুস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।’

সেমিনারের বিশেষ বক্তা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। কিছু সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধে এসব অ্যান্টিবায়োটিক কাজ করতে পারছে না। নতুন যে ছয়টি অ্যান্টিবায়োটিক বাজারে এসেছে, সেগুলো কোনো আশার বাণী শোনাতে পারছে না। কাজেই চিকিৎসকদের যেখানে-সেখানে আ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। সঠিক ডোজ নির্ধারণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে রোগীকে তা জানাতে হবে।’

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিতে যে যুদ্ধ শুরু করেছিলেন, তা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

BBS cable ad

ফার্মাসিউটিক্যাল এর আরও খবর: